Ridge Bangla

আগামী শুক্রবার শুরু হচ্ছে হজ ফ্লাইট

আগামী শুক্রবার ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ১২ এপ্রিল সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় এবারের হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু, নিরাপদ ও ঝামেলামুক্ত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ থাকলেও হজ ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না বলে সরকার আশাবাদী। এ জন্য বিমান পরিবহন, স্বাস্থ্যসেবা, ইমিগ্রেশন ও হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান ধর্মমন্ত্রী।

This post was viewed: 15

আরো পড়ুন