Ridge Bangla

শিক্ষক সংকট মোকাবিলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসন এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে উপজেলা পর্যায়ে একটি তালিকা বা ‘শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই তালিকা থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা এডহক কমিটিকে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা জানানো হয়। চিঠিটি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে অবসরপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষকদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

This post was viewed: 8

আরো পড়ুন