বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি তাদের দায়িত্ব পালন করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা মোতায়েন হয়েছে। রাজধানী ঢাকার রমনা বটমূল, শাহবাগ, কাকরাইল, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, দোয়েল চত্বর, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ, রবীন্দ্র সরোবরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে।
বিজিবি জানায়, পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশ নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে তারা এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপন করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।