Ridge Bangla

সিরাজগঞ্জে কালোজিরা চাষে বাম্পার ফলনের আশা কৃষকের

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলসহ জেলার বিভিন্ন অঞ্চলে কালোজিরা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। ইতোমধ্যেই চরাঞ্চলে কালোজিরার ফুলে ভরে উঠেছে। বাজারে কালোজিরার ভালো দাম থাকায় কৃষকেরা আনন্দিত।

এবার সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩৭ হেক্টর জমিতে, তবে কৃষকেরা তার চেয়ে বেশি জমিতে চাষাবাদ করেছেন। বিশেষত যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলগুলোতে কালোজিরা চাষ ব্যাপকভাবে হয়েছে। এছাড়া উল্লাপাড়া ও কামারখন্দেও চাষ হচ্ছে।

নভেম্বরের মাঝামাঝি থেকে চাষ শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বপন শেষ হয় এবং মার্চ মাসে ফসল কাটা ও মাড়াই শুরু হয়। প্রতিটি বিঘায় প্রায় ৪ মণ কালোজিরা উৎপাদিত হয়, যার প্রতি মণ বিক্রি হয় ১২,০০০ থেকে ১৩,০০০ টাকায়। কৃষি বিভাগের সহায়তায় কৃষকেরা ভালো ফলনের আশা করছেন।

কালোজিরা বিভিন্ন ধরনের ঔষধি, ইউনানী এবং আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া মশলা এবং তেল উৎপাদনেও ব্যবহার করা হয়, যা বাজারে বেশ চাহিদা রয়েছে। কালোজিরাতে অনেক ধরনের পুষ্টি উপাদান, ফসফেট, লৌহ, কেরটিনসহ অন্যান্য উপাদান রয়েছে, যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক।

This post was viewed: 8

আরো পড়ুন