Ridge Bangla

স্থগিত ইসরায়েলের সঙ্গে ইতালির প্রতিরক্ষা চুক্তি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির ভেরোনা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান।

দীর্ঘদিন ধরে চলে আসা এই চুক্তির আওতায় ইতালি ও ইসরায়েল একে অপরের সঙ্গে উন্নত সামরিক সরঞ্জাম বিনিময় এবং প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়ে আসছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা প্রযুক্তি ও কৌশলগত অংশীদারত্ব আপাতত থমকে গেল।

ইতালীয় সংবাদ সংস্থা আনসা’র প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী মেলোনি স্পষ্ট করেছেন যে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তির যে স্বয়ংক্রিয় নবায়ন প্রক্রিয়া ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক চাপের মুখেও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চলমান সামরিক কার্যক্রমের সমালোচনা করে আসছিলেন মেলোনি। বিশেষ করে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত ইতালির সেনাদের নিরাপত্তার ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

This post was viewed: 8

আরো পড়ুন