র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) একটি বিশেষ অভিযানে সাভারে বিপুল পরিমাণ মাদকসহ এক শীর্ষ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে বিরুলিয়া রোড সংলগ্ন আমতলা পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালায় র্যাব-৪-এর একটি দল। অভিযানে দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা হৃদয় হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে সাভার ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে সরবরাহকারী হিসেবে কাজ করতেন। তিনি একটি সুসংগঠিত মাদক চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।