পহেলা বৈশাখের শুভলগ্নে কৃষকদের ভাগ্যোন্নয়নে নতুন এক দিগন্তের উন্মোচন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য বিশেষায়িত ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ টাঙ্গাইল সফরে পৌঁছেছেন সরকার প্রধান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি টাঙ্গাইলে এসে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়েছিলেন তিনি।
টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সদর উপজেলার সুরুজ এলাকার প্রান্তিক কৃষকদের হাতে প্রথম পর্যায়ের ‘কৃষক কার্ড’ তুলে দেবেন। এই কার্ডের মাধ্যমে কৃষি খাতে ডিজিটাল রূপান্তর এবং সরাসরি সহায়তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি প্রণোদনা, বীজ-সার বাবদ ভর্তুকি এবং অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এর আগে সরকারের পক্ষ থেকে সফলভাবে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।