তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তবে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করাও সমানভাবে জরুরি।
রোববার (১২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ঝুঁকিও বেড়েছে। তাই শুধু তথ্যপ্রাপ্তি নিশ্চিত করলেই হবে না, এর দায়িত্বশীল ব্যবহার ও যথার্থতা নিশ্চিত করাও প্রয়োজন।
তিনি জানান, জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তি ও অংশীজনদের মতামত এবং সুপারিশ নিয়ে একটি কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়ন করা হবে। তিনি “মোর ইনফরমেশন, মোর ট্রুথ” উল্লেখ করে বলেন, সত্য ও স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্যপ্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।