Ridge Bangla

বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার স্বর্ণসহ আটক পাচারকারী

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বারাদি সীমান্তের পাঁচ কবর এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি সমর হালদার (২৭) স্থানীয় পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে স্বর্ণ পাচারের তথ্য পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে এক ব্যক্তিকে সাইকেলে করে সীমান্তের দিকে যেতে দেখে থামার নির্দেশ দেওয়া হলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁকে আটক করা হয়।

তল্লাশির সময় তাঁর কাছ থেকে টেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। খুলে দেখা যায়, সেখানে চারটি স্বর্ণের বার রয়েছে। ডিজিটাল স্কেলে ওজন করলে মোট ৪৫২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর বাজারমূল্য প্রায় ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও ব্যবহৃত সাইকেল জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন