নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষিত ১৫ সদস্যের এই দলে কোনো নতুন মুখ নেই, নেই বড় কোনো চমকও। সর্বশেষ পাকিস্তান সিরিজে থাকা ক্রিকেটারদের নিয়েই কিউইদের বিপক্ষে দল সাজিয়েছে নির্বাচকরা।
দলের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে জায়গা ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও আফিফ হোসেন ও সাইফ হাসানের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বোলিং বিভাগে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ এবং ২ মে মিরপুরে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। জ্বালানি সাশ্রয়ের কারণে ম্যাচের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়, আর টি-টোয়েন্টি হবে বিকেল ৩টায়।