বুন্দেসলিগায় সর্বশেষ ম্যাচে জয় দিয়ে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা নিজেদেরই এক রেকর্ড ভেঙে দিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার (১১ এপ্রিল) সেন্ট পাউলির জালে ৫ গোল দিয়ে বাভারিয়ানরা ৫৪ বছর আগের এক অনন্য উচ্চতাকে ছাড়িয়ে গেছে। কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে দলটি এখন লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক।
১৯৭১-৭২ মৌসুমে ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলারদের নিয়ে গড়া বায়ার্ন এক মৌসুমে ১০১টি গোল করে রেকর্ড গড়েছিল। ৫৪ বছর পর সেই রেকর্ডটি এখন অতীত। চলতি মৌসুমে লিগে ৫ ম্যাচ হাতে রেখেই তাদের গোলসংখ্যা ১০৫।
সেন্ট পাউলির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় বায়ার্ন। ৯ম মিনিটে জামাল মুসিয়ালার দর্শনীয় হেডে তারা ছুঁয়ে ফেলে পুরনো ১০১ গোলের রেকর্ডটি। এরপর ৫৩তম মিনিটে লিওন গোরেৎস্কা লক্ষ্যভেদ করতেই রচিত হয় নতুন ইতিহাস। তাঁর গোলেই সংখ্যাটি ১০২-এ উন্নীত হয়ে নতুন রেকর্ড গড়ে দলটি। রেকর্ড ভাঙার এই মাহেন্দ্রক্ষণে পুরো ডাগআউট ও মাঠে উল্লাসে মেতে ওঠেন খেলোয়াড়রা। এমনকি অধিনায়ক ম্যানুয়েল নয়্যারকেও সতীর্থদের সঙ্গে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
রেকর্ড গোলের পর বায়ার্নের পক্ষে ব্যবধান আরও বাড়ান মাইকেল অলিস। এই ফরাসি তারকা এই মৌসুমে গোল ও অ্যাসিস্টে অবিশ্বাস্য ফর্মে আছেন। টমাস মুলারের এক মৌসুমে সর্বোচ্চ ১৮টি অ্যাসিস্টের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। ম্যাচের শেষ দিকে নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেরেইরো জালের দেখা পেলে ৫-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় তাদের।
২৯ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের ধরাছোঁয়ার বাইরে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড ১২ পয়েন্টের বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছে। এর ফলে বুন্দেসলিগা শিরোপা জয় এখন বায়ার্নের জন্য সময়ের ব্যাপার মাত্র। বর্তমানে বায়ার্ন যে ছন্দে গোল করছে, তাতে সিরি আ-তে গড়া এক মৌসুমে ১২৫ গোলের সর্বকালীন ইউরোপীয় রেকর্ডটিও হুমকির মুখে পড়তে পারে।