ভারতীয় সংগীত জগতের এক নক্ষত্রের পতন ঘটল। দীর্ঘ আট দশকের সুরের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি জমালেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর পুত্র আনন্দ ভোঁসলে। শনিবার সন্ধ্যায় আকস্মিক বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে জয়ী হতে পারেননি এই সুরসম্রাজ্ঞী। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আশা ভোঁসলে ছিলেন ভারতীয় প্লেব্যাক সংগীতের অন্যতম শক্তিশালী ও বহুমুখী স্তম্ভ। ১৯৪৩ সাল থেকে শুরু করে দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে তিনি কয়েক হাজার গান উপহার দিয়েছেন। হিন্দি ছাড়াও ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষা এবং এমনকি একাধিক বিদেশি ভাষাতেও তাঁর কণ্ঠের জাদু মুগ্ধ করেছে শ্রোতাদের। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে পপ, গজল কিংবা ভজন- সবক্ষেত্রেই তাঁর বিচরণ ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে এই কিংবদন্তি শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে তাঁর অনুরাগী ও বিশিষ্টজনরা শেষ শ্রদ্ধা জানাবেন।