দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে ২৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আর বাকি ১৪৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে দেশে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৯ এবং সন্দেহজনক আক্রান্ত ১৪ হাজার ৩৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বিভাগে ৭ হাজার ৪৭৮ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।