Ridge Bangla

ফুল বিজু পালনের মধ্য দিয়ে শুরু হলো বৈসাবি উৎসব

বান্দরবানের থানচি উপজেলায় ফুল বিজু পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈসাবি। রোববার (১২ এপ্রিল) ভোরে সূর্যোদয়ের আগেই সাংঙ্গু নদীসহ আশপাশের খাল ও ছড়ায় ফুল ভাসিয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে প্রার্থনা করার মাধ্যমে চাকমা সম্প্রদায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করে।

দেশের অন্যান্য অঞ্চলে পহেলা বৈশাখ একদিনে উদ্যাপিত হলেও পাহাড়ে বৈসাবি চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়। ফুল বিজু উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন পাড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলার ভরত পাড়া, রায়মোহন পাড়া, কমলাবাগান পাড়া, জ্ঞানলাল পাড়া ও ব্রহ্মদক্ত পাড়াসহ অন্তত পাঁচটি গ্রামে তরুণ-তরুণীরা দিনটি উদযাপন করেন।

চাকমা সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, পুরোনো বছরের দুঃখ ও পাপাচার থেকে মুক্তি পেতে দেবতার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানানো হয়, যা নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে।

ফুল ভাসানোর পর তরুণ-তরুণীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এখন ফুল বিজু শুধুমাত্র চাকমা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, মারমা, ত্রিপুরা এবং স্থানীয় বাঙালিরাও এ উৎসবে অংশ নিচ্ছেন।

This post was viewed: 11

আরো পড়ুন