গ্রেপ্তারের পাঁচ দিনের মধ্যে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এর আগে ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়, যেখানে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। পরে একই দিনে তাঁকে আদালতে হাজির করে একটি হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে রাজধানীর আজিমপুর এলাকায় চলমান আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে চোখে গুরুতর আঘাত পান এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার প্রায় এক বছর পর, গত ২৫ মে তিনি একটি মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।