Skip to main content

Ridge Bangla

কুষ্টিয়ায় কুরআন অবমাননার অভিযোগে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কুরআন অবমাননার অভিযোগে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দরবারের প্রধান কথিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত চারজন।

শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত “শামিম বাবার দরবার শরিফ” নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামিমকে কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে শোনা যায়, “কোরআন যে তৈরি করেছে, সে মুর্খ; যারা পড়ে তারা সবাই মুর্খ।”

এই অভিযোগের পর ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলায় শামিমসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শামিমকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শামিমের বিরুদ্ধে ২০২১ সালে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় দৌলতপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

This post was viewed: 27

আরো পড়ুন