দেশজুড়ে গত এক মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন গণমাধ্যম ও নিজস্ব তথ্য বিশ্লেষণ করে তৈরি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদন অনুযায়ী, এক মাসে মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী এবং ৯৮ জন শিশু রয়েছে।
একই সময়ে ১৪টি নৌ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ হন। পাশাপাশি ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।
যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনায় সর্বোচ্চ ২০৪ জন নিহত হয়েছেন। এছাড়া তিন চাকার যানবাহন, বাস, প্রাইভেটকার ও অন্যান্য পরিবহনেও উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে।
দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ২৬৪টি ঘটেছে আঞ্চলিক সড়কে। এছাড়া জাতীয় মহাসড়ক, গ্রামীণ সড়ক ও শহরাঞ্চলেও উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন।