Ridge Bangla

চলতি সংসদ অধিবেশনে মোট ৯১টি বিল পাস

জাতীয় সংসদের চলতি অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর এবং নতুন আইন প্রণয়নের লক্ষ্যে এ পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত অধিবেশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ ২৪টি বিল পাস করা হয়। এর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে পাস হওয়া এই বিলগুলো ছাড়াও এ পর্যন্ত চলতি অধিবেশনে ৯১টি বিল অনুমোদিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিত এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’, ‘বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, ২০২৬’, ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস ও সল্ট বিল’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’, ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল’, ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল’, ‘অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল’, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল’, ‘বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধন) বিল’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল’, ‘সাইবার সুরক্ষা বিল’, ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল’ ও ‘মুক্তিযুদ্ধ বিষয়ক বিল’।

অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

This post was viewed: 11

আরো পড়ুন