Ridge Bangla

ডট বলের মাইলফলকে বিশ্বরেকর্ডের পথে মোস্তাফিজ

‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান বল হাতে নতুন এক উচ্চতায় পৌঁছেছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ফর্মে থাকা এই টাইগার পেসার গড়েছেন ডট বলের রেকর্ড।

এবারের পিএসএলে ২১টি ডট বল দেওয়ার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পঞ্চম পেসার হিসেবে ৩ হাজার ডট বলের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত মোট ৩২৪ ইনিংসে বল করে তিনি ৩ হাজার ২টি বলে ব্যাটারকে কোনো রান নিতে দেননি। বিশেষ করে ম্যাচের ডেথ ওভারে ডট বল দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার দক্ষতায় মোস্তাফিজ এখন অনন্য।

টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ডে সবার উপরে রয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ডোয়াইন ব্রাভো। তিনি দিয়েছেন ৩ হাজার ৬৮১টি ডট বল। তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে মোহাম্মদ আমির ৩ হাজার ৩৪৮টি ডট বল, আন্দ্রে রাসেল ৩ হাজার ২১৩টি ডট বল এবং সোহেল তানভীর ৩ হাজার ৪৬টি ডট বল। পঞ্চম স্থানে থাকা মোস্তাফিজের সামনে এখন সুযোগ রয়েছে এই তালিকায় আরও উপরে ওঠার।

রেকর্ডের পাতায় পাকিস্তানের মোহাম্মদ আমিরের সঙ্গে মোস্তাফিজের লড়াইটাও বেশ জমজমাট। বর্তমানে বাঁহাতি পেসারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক আমির পেয়েছেন ৪১৮ উইকেট। তার থেকে মাত্র ২টি উইকেট পিছিয়ে আছেন ৪১৬ উইকেট শিকারি মোস্তাফিজ। আগামী বেশ কয়েক বছর এই রেকর্ডের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে জমজমাট লড়াই হবে।

তালিকায় থাকা ব্রাভো ইতিমধ্যেই অবসরে গেছেন। অন্যদিকে রাসেল ও তানভীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন। বয়স ও ক্যারিয়ার বিবেচনায় ডোয়াইন ব্রাভোর ৩ হাজার ৬৮১ ডট বলের বিশ্বরেকর্ড ভাঙার দৌড়ে মোস্তাফিজুর রহমানই এখন সবচেয়ে শক্তিশালী দাবিদার।

This post was viewed: 5

আরো পড়ুন