Ridge Bangla

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফরিদপুরে সরকারি অনুদানের কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবকের নাম সুজন শেখ (৩৫)। তিনি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা মৃত হালিম শেখের ছেলে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, ওই নারীকে বিধবা ভাতা ও ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সুজন। সেই সূত্রে গত ২ এপ্রিল সকালে প্রয়োজনীয় দাপ্তরিক কাজের কথা বলে তাকে নিয়ে উপজেলা পরিষদে রওনা দেন। তবে গন্তব্য বদলে কৌশলে ফরিদপুর বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন সুজন।

ঘটনার পর ওই নারী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর গত ৬ এপ্রিল তিনি ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন।

পরবর্তীতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি ফরিদপুর কোতোয়ালী থানায় সুজন শেখকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

This post was viewed: 5

আরো পড়ুন