বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নিরাপত্তার অংশ হিসেবে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ দেশের সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন করে প্রবেশ নিষিদ্ধ থাকবে। চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে- মুখোশ পরে অংশ নেওয়া যাবে না এবং শোভাযাত্রা শুরুর পর কেউ যোগ দিতে পারবে না।
এছাড়া ফানুস উড়ানো, আতশবাজি, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। ইভটিজিং ও অপরাধ দমনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালিত হবে।