Ridge Bangla

এলএনজি-এলপিজি সরবরাহে স্বস্তি, আসছে আরও পাঁচটি জাহাজ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তির ইঙ্গিত মিলছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশে এলএনজি ও এলপিজি বহনকারী অন্তত পাঁচটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। ধারাবাহিকভাবে এসব জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, এসব চালানে মহেশখালীর ভাসমান টার্মিনালের জন্য এলএনজি এবং চট্টগ্রামের জন্য এলপিজি আসছে। শুক্রবার মালয়েশিয়া থেকে ২ হাজার ৪৭০ টন এলপিজি নিয়ে ‘মর্নিং জেলি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। একই দিনে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬৯ হাজার টন এলএনজি নিয়ে ‘ইএমইআই’ মহেশখালীর এফএসআরইউতে ভিড়বে।

১১ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরেকটি এলএনজি জাহাজ আসার কথা রয়েছে। ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ‘পল’ নামের এলপিজি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজি নিয়ে ‘ম্যারান গ্যাস হাইড্রা’ আসবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি জাহাজের বার্থিং অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। আরপিজিসিএল সূত্রে জানা গেছে, চলতি মাসে মোট ৯টি এলএনজি জাহাজ আসবে, যার মধ্যে দুটি ইতোমধ্যে পৌঁছেছে। গত মাসে প্রায় ৬ লাখ টন এলএনজি আমদানি করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন