Ridge Bangla

পাউবোর আওতাধীন বাঁধ নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। জমির মালিকানা-সংক্রান্ত বিরোধের জেরে সুনামগঞ্জ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত ওই প্রকল্প এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন।

মামলার নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতাভুক্ত জমির মালিক পিকলু তালুকদার গত ৮ এপ্রিল (বুধবার) আদালতে একটি অভিযোগ দায়ের করেন। তার দাবি, কোনো ধরনের জমি অধিগ্রহণ বা আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই পাউবো এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তার পৈতৃক ও রেকর্ডীয় জমির ওপর দিয়ে জোরপূর্বক বাঁধ নির্মাণ করছে। বাধা প্রদান করায় তাকে শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পিকলু তালুকদার জানান, গত বছর আমি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো প্রতিকার মেলেনি। উপায় না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে হয়েছে।

এই মামলায় আসামি করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিয়াজ ও নুনা ট্রেডার্স’-এর প্রতিনিধি ফারুক মিয়া ও শংকর চন্দ্র রায়কে। এছাড়া শাল্লা পাউবোর সেকশন কর্মকর্তা ওবায়দুল হক এবং উপ-সহকারী প্রকৌশলী আফজাল মিয়াকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মামুন গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সরকারি স্থাপনা নির্মাণের চেষ্টার দায়ে আদালত বর্তমানে ১৪৪ ধারা জারি করেছেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতিবেদন পাওয়ার পর আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

This post was viewed: 6

আরো পড়ুন