Ridge Bangla

পুলিশের মাথা ফাটিয়ে আসামির পলায়ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গরু চুরির মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। আসামির ধারালো অস্ত্রের আঘাতে বনমালী রায় নামে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। বর্তমানে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামের বাসিন্দা রাসেল ইসলামের (৩৩) বিরুদ্ধে ভ্যান ও গরু চুরির একাধিক মামলা রয়েছে। গত বুধবার রাতে একই এলাকার শরিফ উদ্দিনের গোয়াল থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় রাসেলের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী মালিক। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া মডেল থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল লোহাকাচি গ্রামে রাসেলের বাড়ি ঘেরাও করে।

অভিযান চলাকালে আসামি রাসেল তার ঘরের ভেতরে অবস্থান করছে- এমন তথ্যে কনস্টেবল বনমালী রায় ঘরের দরজার সামনে গিয়ে তাকে আত্মসমর্পণের আহ্বান জানান। ঠিক সেই মুহূর্তে রাসেল আচমকাই দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে বনমালীর মাথায় আঘাত করেন। আঘাতে বনমালী রায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে সুযোগ বুঝে রাসেল দ্রুত পালিয়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজা মুনির পূর্বা জানিয়েছেন, আহত পুলিশ সদস্যের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, রাসেল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গরু চুরির মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে গেলে সে এ হামলা চালায়।

This post was viewed: 8

আরো পড়ুন