Ridge Bangla

বগুড়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম লজু (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের উত্তর কোলাকোপা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে নেশা করে বাড়ি ফেরার পর দরজা খুলতে দেরি হওয়ায় নিহত নজরুল ইসলাম লজুর সঙ্গে তার নিজ পুত্র শিপন মিয়ার (২২) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায় শিপন।

লাঠির আঘাতে গুরুতর আহত হন নজরুল। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

গাবতলী থানার ওসি রাকিব হাসান বলেন, নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তার ছেলে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবার সঙ্গে ঝগড়া হতো তার।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শিপন মিয়া পলাতক। তাকে ধরতে অভিযান চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন