বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মোট ৯৪ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।
নির্ধারিত দিনে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এই সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৮ মে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেওয়া হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশীয় একটি চক্রের সহায়তায় আন্তর্জাতিক হ্যাকাররা এই অর্থ সরিয়ে নেয়।
ঘটনার পর একই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মানি লন্ডারিং ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।