রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে এ অভিযান শুরু হয়। এতে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট অপসারণ করার পাশাপাশি বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।
অভিযানে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযান শুরুর আগেই অনেক ব্যবসায়ী আগাম খবর পেয়ে তাদের মালামাল সরিয়ে নিলেও, অবশিষ্ট দোকানগুলো উচ্ছেদ এবং বিভিন্ন অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পরিবহন খাতের সংশ্লিষ্টদের মধ্যকার এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে যানজট কমানো ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।