Ridge Bangla

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোন হামলায় আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ উইশাহ। তিনি গাজা সিটির পশ্চিমাঞ্চলের উপকূলীয় সড়ক আল-রাশিদ স্ট্রিটে একটি গাড়িতে অবস্থানকালে হামলার শিকার হন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোহাম্মদ উইশাহ গাজাভিত্তিক সংবাদদাতা হিসেবে ২০১৮ সাল থেকে আল জাজিরার সঙ্গে কাজ করছিলেন।

এ ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। একই সঙ্গে তারা দাবি করেছে, সাংবাদিকদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

এদিকে, গাজা থেকে আল জাজিরার আরেক প্রতিবেদক জানিয়েছেন, ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা বন্ধ হয়নি। বরং চলমান আক্রমণে পরিস্থিতি আরও জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে।

This post was viewed: 8

আরো পড়ুন