Ridge Bangla

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

জুলাই গণআন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এ রায়ের দিন ধার্য করেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

২০২৫ সালের ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। পরে ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ২৭ আগস্ট থেকে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তার ভিডিওটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।

This post was viewed: 5

আরো পড়ুন