দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫৩ হাজার ৬৯টি। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৩১টি আবেদন পাওয়া গেছে।
চেয়ারম্যান বলেন, গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এ বিজ্ঞপ্তির ভিত্তিতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন, যার মধ্যে পুরুষ প্রার্থী ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থী ৫ হাজার ৭১৮ জন।
তিনি আরও জানান, পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকস্বল্পতা দূর করতে প্রতিবছর দুইবার নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।