Ridge Bangla

সিডনিতে গ্রেফতার ডেভিড ওয়ার্নার

সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ব্রেথালাইজার টেস্টে ব্যর্থ হওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। অস্ট্রেলিয়ান বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তার দেহে অ্যালকোহলের উপস্থিতি ছিল নির্ধারিত সীমার দ্বিগুণ।

আগামী ৭ মে সিডনির আদালতে হাজির হওয়ার কথা ওয়ার্নারের। তবে অস্ট্রেলিয়ায় আইনি ঝামেলায় পড়লেও পাকিস্তান সুপার লিগের নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে নামতে সমস্যা হবে না তার।

চলমান পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন ডেভিড ওয়ার্নার। লিগের সূচির মাঝে বিরতিতে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এই ওপেনার। সেখানে গিয়েই বিপত্তিতে পড়েন তিনি।

এর আগে সর্বশেষ করাচির হয়ে গত বৃহস্পতিবার মাঠে নামেন ওয়ার্নার। রাওয়ালপিন্ডির বিপক্ষে জয়ের ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়েছিলেন তিনি।

This post was viewed: 7

আরো পড়ুন