Ridge Bangla

বাবা-ছেলেকে হত্যা, ভারতে ৯ পুলিশের মৃত্যুদণ্ড

ভারতের তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে এক ব্যবসায়ী ও তার ছেলের মৃত্যুর ঘটনায় ৯ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) মাদুরাইয়ের একটি আদালত বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ক্ষমতার চরম অপব্যবহার করে ওই পিতা ও পুত্রের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল, যা মানবতার পরিপন্থী। একই সঙ্গে বলা হয়, এ ধরনের অপরাধের ক্ষেত্রে দায়িত্বশীলদের মানসিক চাপ কোনোভাবেই গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না।

উল্লেখ্য, ২০২০ সালের জুনে কোভিড-১৯ লকডাউনের সময় থুথুকুডি জেলার সাথানকুলামে ব্যবসায়ী পি. জয়ারাজ ও তার ছেলে জে. বেনিক্সকে লকডাউনের মধ্যে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে আটক করা হয়। কিন্তু পরে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়।

আটকের পর থানায় নিয়ে তাদের দুজনকে একে অপরের সামনে রেখে নির্মম নির্যাতন করা হয় বলে প্রত্যক্ষদর্শী তিনজনের বক্তব্যে উঠে আসে। কয়েকদিনের মধ্যে বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তাদের মৃত্যু হয়।

রাষ্ট্রপক্ষ জানায়, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ বিভিন্ন প্রমাণে নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রথমে রাজ্য পুলিশের একটি ইউনিট তদন্ত শুরু করলেও পরে কেন্দ্রীয় সংস্থা সিবিআই মামলার দায়িত্ব নেয়।

This post was viewed: 9

আরো পড়ুন