সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন এলাকায় দস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান সেখানে আসেন। অবস্থা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো নির্ধারিত এলাকায় কাঁকড়া ধরতে গেলে একদল দস্যু জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা ৬৫ বছর বয়সী আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন।
This post was viewed: 6