কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ প্রেক্ষাপটে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফলে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
৯ এপ্রিলকে কেন্দ্র করে এই কর্মসূচি ঘোষণা করা হয়, যেদিন ইমরান খান ক্ষমতাচ্যুত হন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে। তাই সমাবেশের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের সঙ্গে তার আইনজীবীর সাক্ষাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানিতে আদালত দ্রুত নিষ্পত্তির ইঙ্গিতও দিয়েছে, যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।