চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এর মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় অভিযানে নেতৃত্বদানকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌসীমানায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কোম্পানীর চর চ্যানেল এলাকা থেকে জাটকা ধরার সময় হাতেনাতে ৭ জেলেকে আটক করা হয়।
অভিযানে তাদের ব্যবহৃত দুটি মাছ ধরার নৌকা এবং প্রায় ১ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত আলামত চাঁদপুর নৌ থানায় হেফাজতে রাখা হয়েছে এবং আটক ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
This post was viewed: 7