সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া বিদ্যুৎ বিভ্রাট মঙ্গলবার দুপুরেও অব্যাহত। এ অবস্থায় রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রধান ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ রয়েছে। প্রধান ভবনে বিদ্যুৎ না থাকার কারণে অপারেশন থিয়েটার, ওয়ার্ড এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে।
এখন দেশজুড়ে চলমান গরম আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগীরা প্রয়োজনীয় নেবুলাইজার ব্যবহার করতে না পেরে বেশি সমস্যায় পড়ছেন। একই সঙ্গে পানি সরবরাহ বন্ধ থাকায় শৌচাগার ব্যবহারে চরম ভোগান্তি তৈরি হয়েছে।
হাসপাতালের টেকনিশিয়ানরা জানান, বিদ্যুৎ না থাকায় কোনো ধরনের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এদিকে বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামতে বারবার চেষ্টা চালিয়েও সফল হননি ইলেকট্রিশিয়ানরা। জেনারেটরও বিকল থাকায় বিকল্প ব্যবস্থাও কাজে আসছে না।