Skip to main content

Ridge Bangla

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ অব্যাহত, ৩৯.৭ ডিগ্রি গরমে জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গা জেলায় টানা তাপপ্রবাহের কারণে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সীমান্তবর্তী এই জেলায় প্রচণ্ড তাপ ও ভ্যাপসা গরমে মানুষ দিনযাপন করতে পারছেন না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩১ শতাংশ।

এদিকে, শনিবার (৪ এপ্রিল) সকাল থেকেই একই ধরনের গরম বিরাজ করছে। বিকেল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৩২ শতাংশ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনপদ উত্তপ্ত হয়ে পড়েছে। জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষদের রোদে পুড়ে কাজ করতে হচ্ছে। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। গরমের তীব্রতা মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে।

চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, এপ্রিলের শুরুতেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কয়েকদিন এই মাত্রায় থাকতে পারে।

This post was viewed: 21

আরো পড়ুন