Ridge Bangla

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় চালকসহ নিহত ৩, আহত ১৪ জন

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের নলকা ব্রিজের পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর বদলগাছীর রাকিবুল ইসলাম রকেট (৩২), যিনি বাসের হেলপার; বগুড়ার শাজাহানপুরের বাসচালক জাহাঙ্গীর আলম (৪৯) এবং সিরাজগঞ্জের বেলকুচির রাখী বেগম (৩৫)।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডার ও ওভারব্রিজে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাসটির ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারী যাত্রী মারা যান।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন