অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণসংক্রান্ত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনের মাধ্যমে স্থায়ী আইনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জাতীয় সংসদে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশেষ কমিটির প্রধান জয়েনুল আবদিন এমপি প্রতিবেদন পেশ করেন।
কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশটির কিছু ধারা পরিমার্জন করে এটি পাসের প্রস্তাব করা হয়েছে। যদিও কী ধরনের সংশোধন আনা হবে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, পূর্বে জারি করা এই অধ্যাদেশে সরকারকে নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের সভা, সমাবেশ, মিছিল ও প্রকাশনা নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ আইন প্রণয়ন করা হয়।
বিশেষ কমিটি অধ্যাদেশটি বাতিল না করে সংশোধনসহ আইনে রূপ দেওয়ার পক্ষে মত দিয়েছে। এর ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপের পথ আরও সুগম হতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে চূড়ান্ত প্রতিবেদনে এই সিদ্ধান্ত জানিয়েছে বিশেষ কমিটি।