ভোলায় অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুত করায় মেসার্স জান্নাত ট্রেডার্স নামে একটি দোকান থেকে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দোকানটি সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনের পোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল ও ২০০ লিটার কেরোসিন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, লাইসেন্সবিহীন মেসার্স জান্নাত ট্রেডার্স অবৈধভাবে তেল মজুত করছিল এবং এতে কৃত্রিম তেলের সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল।
এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি করা হয়। এ সময় মজুতকৃত ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। জরিমানাসহ দোকানটি সিলগালা করা হয়েছে। জব্দ করা তেল সরকারি কোষাগারে বিক্রিপূর্বক জমা করা হবে।