গণভোটের রায় কার্যকর এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (৪ এপ্রিল) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং সংস্কারের পরিবর্তে সংবিধানে সংশোধনী আনার চেষ্টা করছে।
হামিদুর রহমান আজাদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার না হলে রাজপথে আন্দোলনই একমাত্র পথ। তিনি আরও জানান, গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।