মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় চাপ সৃষ্টি করে ভারত। প্রথম কয়েক মিনিটেই তারা গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ধীরে ধীরে খেলায় ফিরে বাংলাদেশ দুই প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণ গড়ে তুলে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। তবে ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি।
টাইব্রেকারে প্রথমেই বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন ভারতের ঋষি সিংয়ের শট দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর দুই দলই পাল্টাপাল্টি গোল করতে থাকে। বাংলাদেশের হয়ে মোর্শেদ, চন্দন ও রিয়াদ ফাহিম সফলভাবে শট নেন। চতুর্থ শটে স্যামুয়েল রাকসামের বল ক্রসবারে লাগলে উত্তেজনা বাড়ে। তবে শেষদিকে ভারতের ওমাং দোদামের শট মিস করলে সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে।