কক্সবাজারকে কেন্দ্র করে স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশের ক্রীড়া খাতকে আরও গতিশীল করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন কিছুটা চ্যালেঞ্জের হলেও তা দূর করতে কাজ চলছে। ভবিষ্যতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কক্সবাজার বিশ্বের অন্যতম পর্যটনকেন্দ্র হওয়ায় স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে এর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। আন্তর্জাতিক দর্শকদের আকৃষ্ট করতে উন্নত অবকাঠামো গড়ে তোলা হবে।
এর আগে প্রতিমন্ত্রী লাবণী পয়েন্টে ‘অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন এবং সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেন।