রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হচ্ছে।
প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
পরবর্তী দিনগুলোতে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। শুক্রবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
শনিবার ও রোববার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।