Skip to main content

Ridge Bangla

এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি

রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বর্তমানে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের জামিন বাতিল করেছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরোয়ানাভুক্ত আসামিরা হলেন সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান।

মামলার নির্ধারিত দিনে আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ তাদের জামিন বাতিলের আবেদন জানায়। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল জানান, মামলার ১৫ জন আসামির মধ্যে ৯ জন উপস্থিত থাকলেও পরোয়ানাভুক্ত চারজন আদালতে অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই মামলার আসামি এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার নিরাপত্তারক্ষী সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। আদালত এ কারণকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করলেও বাকি চারজনের কোনো যৌক্তিক কারণ না থাকায় তাদের গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এজাহারের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে এক আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে গুলশানে একটি ৬ তলা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তারা। পরের বছর বাড়িটি বুঝে পান মাইনুল-ফারজানা দম্পতি।

২০০৮ সালে মাইনুল ইসলামের মৃত্যুর পর থেকেই ভবন নির্মাণকারী আবাসন প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে ফারজানা আন্নার বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, আসামিরা ভুয়া দলিল তৈরি করে ভবনের দ্বিতীয় তলার ফ্লোর দখলের চেষ্টা করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, আসামিরা ওই বাড়িতে প্রবেশ করে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গত বছর কয়েক দফায় বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বাসিন্দাদেরও আহত করা হয়।

তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে সামির কাদের চৌধুরী। তার দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

This post was viewed: 41

আরো পড়ুন