Ridge Bangla

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপ মিসে ‘হ্যাটট্রিক’

একসময় ব্রাজিলের পর দ্বিতীয় সর্বোচ্চ বিশ্বকাপ শিরোপার অধিকারী ছিল ইতালি। এখনো অবস্থান রয়েছে সেখানেই, তবে পরে এসে সেখানে যোগ দিয়েছে জার্মানি। কিন্তু ইতালির এই অবস্থা যেন পাল্টানোর কোনো লক্ষণ নেই। কারণ ২০১৮ ও ২০২২-এর পর এবার ২০২৬-এ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

৩১ মার্চ রাতে ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যেতে ব্যর্থ আজ্জুরিরা। এর মাধ্যমে লজ্জার এক ইতিহাসও গড়েছে দলটি। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী কোনো দল হিসেবে টানা তিন আসরে মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে তারা।

জেনিৎসায় অনুষ্ঠিত এই ম্যাচে নজর ছিল সমগ্র বিশ্ববাসীর। সকলে এদিকে নজর রাখছিলেন যে, অবশেষে ইতালি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে কি না। এমন ম্যাচে শুরুটা দারুণ হয়েছিল ইতালির। ১৫ মিনিটেই ময়েসে কিনের গোলে এগিয়ে যায় তারা। তবে ধীরে ধীরে বসনিয়ার প্রেসিংয়ে ছন্দ হারাতে থাকে আজ্জুরিরা। প্রথমার্ধে বিরতির ঠিক চার মিনিট আগে বসনিয়ার মেমিচকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালীয় ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।

ইতালির একজন খেলোয়াড় কম থাকার সুযোগ মাঠে পুরোপুরি কাজে লাগায় স্বাগতিক বসনিয়া। দুদিক দিয়েই ইতালির বক্সে ক্রস ফেলতে থাকে তারা। এমনই এক আক্রমণে ৭৯ মিনিটে হারিস তাবাকোভিচের দারুণ এক গোলে সমতায় ফেরে তারা। এরপর নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

দুর্ভাগ্য যেন এখানেও পেছন ছাড়েনি ইতালির। টাইব্রেকারের প্রথম শটেই পিও এসপোসিতো বল মারেন বারপোস্টের ওপর দিয়ে। এরপর ব্রায়ান ক্রিস্তান্তের শট ফেরত আসে বারে লেগে। ইতালিয়ানরা মিস করে গেলেও এডিন জেকোকে ৪০ বছর বয়সে বিশ্বকাপে খেলাতে নিজেদের শটগুলো নিখুঁতভাবে জালে জড়ায় বসনিয়া। চতুর্থ শটে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে বসনিয়ার ঐতিহাসিক জয় নিশ্চিত করেন এসমির বাইরাকতারেভিচ।

এই জয়ের ফলে ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে বসনিয়া, যা তাদের নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ২০২৬ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। এই গ্রুপে তাদের সঙ্গে লড়াই হবে সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড এবং কাতারের।

This post was viewed: 6

আরো পড়ুন