Ridge Bangla

অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ ইউজিসির, অন্যথায় রয়েছে আইনি ব্যবস্থা

শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির অনুমোদন ছাড়া পরিচালিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

একই সঙ্গে ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে অনুমোদন পাওয়ার আবেদন জমা দিতে হবে। অন্যথায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার এবং কমিশনের অনুমোদন ছাড়াই দেশে বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির অনুমোদন ব্যতীত পরিচালিত এসব প্রতিষ্ঠানের একটি তালিকা ইতোমধ্যে কমিশনের কাছে রয়েছে।

“বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪” অনুযায়ী দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার স্থাপন ও পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে।

অননুমোদিতভাবে পরিচালিত সব প্রতিষ্ঠানকে বিধিমালার ধারা ৪ (৩)-এর দফা (ঝ) অনুসারে অনুমোদন পাওয়ার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে আবেদন জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

This post was viewed: 21

আরো পড়ুন