বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই। বরং, সম্ভাব্য চাহিদার চেয়ে সরকারের মজুত ও প্রস্তুতি বেশি রয়েছে। তিনি জানিয়েছেন, জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই বর্তমান পরিস্থিতি সৃষ্টি করছে।
সোমবার (৩০ মার্চ) সংসদে এ বিষয়ে বক্তব্য রাখেন মন্ত্রী।
তিনি বলেন, “তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে ২০২৫ সালের মার্চ মাসে প্রতিদিন গড়ে ৫ হাজার ৪০০ লিটার অকটেন বিক্রি হলেও, ২০২৬ সালের মার্চ মাসে তা প্রায় ১০ হাজার ৬২০ লিটারে পৌঁছেছে, যা ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”
ঢাকার অন্যান্য পেট্রোল পাম্পগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে, জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, যেখানে একটি মোটরসাইকেল সাধারণত দিনে গড়ে ৫ লিটার অকটেন নেয়, সেখানে বর্তমানে একই মোটরসাইকেল ১৫ থেকে ২০ লিটার অকটেন সংগ্রহ করছে, যা অবৈধ মজুদ এবং বাজারে সংকট সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, “সরবরাহ ও প্রস্তুতি পর্যাপ্ত থাকা সত্ত্বেও যদি মানুষ অতিরিক্ত জ্বালানি ক্রয় করে বা অবৈধভাবে মজুদ করে, তবে সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হবে। এটি দাহ্য পদার্থ হিসেবে গুরুতর ঝুঁকির সৃষ্টি করতে পারে।”