বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে জামায়াতে ইসলামী দলের সদস্য মীর আহমেদ বিন কাশেমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সরকার বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, যাতে দেশের জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।”
তিনি আরও জানান, সরকার মধ্যপ্রাচ্যের বাইরেও জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণের কাজ করছে এবং বিকল্প সরবরাহ চ্যানেল অনুসন্ধান করছে, যাতে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় থাকে।
শামা ওবায়েদ বলেন, “এই মুহূর্তে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক বৈঠক করেছে, যাতে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।”
এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি জানান, সরকারের সহায়তায় ইরানের তেহরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।