Skip to main content

Ridge Bangla

আগামী সাত দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান এলাকায় আগামী সাত দিনে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। তবে এ সময়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) প্রকাশিত সংস্থাটির সাত দিনের পূর্বাভাসে বলা হয়, ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সময়ে হাওরাঞ্চলের বিভিন্ন স্থানে ১০০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে হাওর অববাহিকার প্রধান নদী ও উপনদীগুলোর পানির সমতল সপ্তাহের প্রথমার্ধে কিছুটা বাড়তে পারে। তবে শেষার্ধে তা আবার কমে আসার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে, সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল কমছে। অন্যদিকে ধনু-বাউলাই নদীর পানি বাড়ছে এবং ভুগাই-কংস নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে সব নদীর পানিই এখনও বিপৎসীমার নিচে রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ মার্চ ও ১ এপ্রিল মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে হালকা থেকে মাঝারি পর্যায়ে থাকবে।

This post was viewed: 37

আরো পড়ুন